আহমদ ছফা ছিলেন অদ্ভুত এক চরিত্র। ছফা শব্দটা শুনলেই দাঁত-মুখ খিঁচানো, কপাল ও ভুরু কুঁচকানো, হঠাৎ হঠাৎ মেয়েলি সুরেলা কণ্ঠ এবং কখনো আঞ্চলিকতামিশ্রিত বিশেষ কথ্যভঙ্গির এক লেখকের ছবি মনে আসে। ‘ঘর করলাম না রে আমি, সংসার করলাম না।—ছফাই এই গান লিখেছেন। গৃহী না হলেও ছফা অন্যদিকে দেশ ও জাতির প্রতি ছিলেন সামাজিক ও রাজনৈতিকভাবে দায়িত্বশীল, হইচইভরা টগবগে মানুষ, দারুণ বন্ধুবৎসল, রাগে-অনুরাগে উষ্ণ, বেজায় দরদি ও আবেগপ্রবণ; আবার কখনো ক্ষিপ্ত, কখনো মেজাজি দুর্মুখ এবং তীব্র প্রতিবাদী৷ হুমায়ূন আহমেদ থেকে তুলে দিচ্ছি: ‘আমি আমার যৌবনে হন্টন পীরের মতো একজনকে পেয়েছিলাম। আমরা দল বেঁধে তাঁর পেছনে হাঁটতাম। তিনি যদি কিছু বলতেন মুগ্ধ হয়ে শুনতাম। গভীর রাতে নীলক্ষেত এলাকায় তিনি হাঁটতে হাঁটতে আবেগে অধীর হয়ে দুই হাত তুলে চিৎকার করতেন “আমার বাংলাদেশ। আমার বাংলাদেশ।” আমরা গভীর মুগ্ধতায় তাঁর আবেগ এবং উচ্ছ্বাস দেখতাম। তাঁর নাম আহমদ ছফা। আমাদের সবার ছফা ভাই।’