বলিউড বাদশাহ শাহরুখ খান। সারা বিশ্বে রয়েছে তার কোটি কোটি ভক্ত-অনুসারী। আর আজকের দিনটি শাহরুখ ভক্তদের জন্য একটু স্পেশাল, কারণ আজ বলিউড বাদশার জন্মদিন। জীবনের ৫৬টি বছর পার করে ৫৭’তে পা রেখেছেন শাহরুখ। এ অভিনেতার জন্মদিন মানে এক অন্যরকম ব্যাপার। তার জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসেরও কোনো কমতি থাকে না। আর এ বারের জন্মদিনে শাহরুখ ভক্তদের জন্য ছিল নতুন চমক। এ দিনে প্রকাশ করা হলো তার আসন্ন সিনেমা ‘পাঠান’এর টিজার। যে সিনেমা দিয়ে টানা চার বছর পর বড় পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ। বুধবার সকালে শাহরুখ খান এবং যশ রাজ ফিল্মসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে টিজারটি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘চেয়ারে সামলে বসুন। পাঠানের টিজার প্রকাশ্যে।’ ১ মিনিট ২৫ সেকেন্ডের এই টিজার প্রকাশের পর, এই সিনেমাকে ঘিরে দর্শকের উত্তেজনা বেড়ে গেছে বহুগুণ। টিজারের শুরুতেই থাকে শাহরুখ। লম্বা চুল ও রক্তাক্ত অবস্থায় দেখা যায় তাকে। সেখানে একজনকে বলতে শোনা যায় ‘ তোমরা পাঠান সম্পর্কে কি জানো! তিন বছর ধরে তার কোনো খবর নেই !’ এবং টিজারের শেষে শাহরুখকে বলতে শোনা যায়, ‘ তোমরা সিটের বেল্ট শক্ত করে বাধো, কারণ মৌসুম পরিবর্তন হতে যাচ্ছে’ । এছাড়াও, সেখানে দেখা যায় শাহরুখের আর জন আব্রাহামের জমজমাট অ্যাকশন। কখনো সমুদ্রে, কখনো পাহাড়ি এলাকায় বিমানে। মাঝে বেশ কয়েকটি দৃশ্যে দেখানো হয় দীপিকাকে। ‘এইট প্যাক অ্যাবস’ এর সাথে লম্বা চুল থাকে শাহরুখের । আর কমেন্ট বক্সে তার এই ‘পাঠান’ লুকের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমাটিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। প্রতিক্ষীত এ সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। copyright © A BIJOY TV Production-2022 সঙ্গে থাকুন বিজয় টিভির Website: http://bijoy.tv/ Facebook: / bijoytvlimited Youtube: / bijoytvofficial