২০১৯ বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়েও নিষেধাজ্ঞার কারণে সর্বশেষ বর্ষসেরা একাদশে উপেক্ষিত ছিলেন সাকিব আল হাসান। তবে এবার বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশি এই ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি’র দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে আলাদা তিনটি দশকসেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। তাতে ওয়ানডে দলে আছেন আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিন সংস্করণেই শীর্ষে ওঠা একমাত্র ক্রিকেটার সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টির দশকসেরা একাদশে অবশ্য জায়গা পাননি তিনি। ওয়ানডে একাদশে সাকিবই একমাত্র বাংলাদেশি। এছাড়া এশিয়া থেকে তিনি ছাড়া আছেন আরো ৪ জন ক্রিকেটার। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তানের কোনো ক্রিকেটার নেই একাদশে। ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ সাজিয়েছে আইসিসি। একাদশে অধিনায়কের মর্যাদা পেয়েছেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো মহেন্দ্র সিং ধোনি। ভারত থেকে আরও আছেন ওপেনার রোহিত শর্মা ও ওয়ান ডাউনে বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। রোহিতের সঙ্গে ওপেনারের ভূমিকায় অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের স্বদেশী মিচেল স্টার্কও আছেন একাদশে। ব্যাটিং অর্ডারে সাকিবের অবস্থান পঞ্চম, তার আগে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ধোনি আছেন ছয় নম্বরে। #sakib